বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে ট্রলির চাপায় উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক সজল হাওলাদার (২৮) নিহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মদনপুরা ইউনিয়নের গাজী বাড়ি দরজার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজল হাওলাদার কনকদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নারায়নপাশা গ্রামের মোশারেফ হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম জানান, সজল মোটরসাইকেলযোগে কনকদিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত সজলকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাসরিফ বলেন, সজলের মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে এবং হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, ট্রলি ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া ট্রলি চালক শাকিবকে আটক করা হয়েছে।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা