নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকায় খাল ভরাট করে যাত্রী ছাউনি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সোনাপুর বাজারের ব্যবসায়ীরা সোনাপুর-প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
ব্যবসায়ীরা জানান, ২০১৯ সালে খাল খননের উদ্যোগের অংশ হিসেবে সোনাপুর জিরো পয়েন্ট থেকে পূর্ব-দক্ষিণমুখী এলাকায় শতাধিক দোকান ভেঙে দেয় জেলা প্রশাসন। বৃহত্তর স্বার্থে তারা তখন প্রশাসনের কাজে সহযোগিতা করেছিলেন। কিন্তু পরবর্তীতে খালি জায়গাগুলো ধীরে ধীরে বেদখল হতে থাকে।
তাদের অভিযোগ, সম্প্রতি বালু ফেলে খাল ভরাট করে নোয়াখালী পৌরসভা যাত্রী ছাউনি নির্মাণ শুরু করেছে। আসলে যাত্রী ছাউনি নির্মাণের নামে পৌরসভার সচিবসহ একটি অসাধু চক্র নতুন করে জায়গা দখলের চেষ্টা করছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা না করে নতুনভাবে দখলদারিত্ব মেনে নেওয়া যায় না বলে দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বাদল, সোনাপুর কলেজ ছাত্র সংসদের জিএস আব্দুজ্জাহের হারুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী গিয়াস উদ্দিন মিহির ও ইফতেখার হোসেন ইফতু প্রমুখ।
তবে অভিযোগ অস্বীকার করে নোয়াখালী পৌরসভার সচিব মো. আলাউদ্দিন বলেন, ব্যবসায়ীদের অভিযোগ ভিত্তিহীন। জনস্বার্থে খালপাড়ে ও সড়কের পাশে যাত্রী ছাউনি নির্মাণ করছে পৌরসভা।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা