খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে প্রতিষ্ঠানটির অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেসিপিএসসির অধ্যক্ষ লে. কর্ণেল কাজী মুহাম্মদ আতিকুল হক, উপাধ্যক্ষ মোহাম্মদ কামাল উদ্দিনসহ শিক্ষক-শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় স্পিকারের দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক হাফিজুল ইসলাম এবং বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রভাষক মো. তাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. ফজলুল করিম ও সহকারী শিক্ষক শামীমা আক্তার।
দিনের প্রধান আকর্ষণ ছিল খ গ্রুপের ফাইনাল রাউন্ড। এতে ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। বিতর্কের বিষয় ছিল— “এই সংসদ মনে করে, ব্যক্তি স্বাধীনতা ও সামাজিক সুরক্ষার মধ্যে ভারসাম্য থাকা উচিত।” সরকার দলের পক্ষে ছিল রবীন্দ্র হাউজ এবং বিরোধী দলের পক্ষে ছিল নজরুল হাউজ। তুমুল প্রতিযোগিতায় ২৯৪.৫৬ পয়েন্ট পেয়ে নজরুল হাউজ চ্যাম্পিয়ন এবং ২৭৯.২০ পয়েন্ট পেয়ে রবীন্দ্র হাউজ রানারআপ হয়। শ্রেষ্ঠ বক্তার পুরস্কার জিতেছে নজরুল হাউজের আহনাফ ইসলাম শাকিল।
এর আগে ক গ্রুপে (৬ষ্ঠ-৮ম শ্রেণি বাংলা বিভাগ) নজরুল হাউজ চ্যাম্পিয়ন ও জসীম উদ্দীন হাউজ রানারআপ হয়। গ গ্রুপে (ইংরেজি বিভাগ) রবীন্দ্র হাউজ চ্যাম্পিয়ন ও জসীম উদ্দীন হাউজ রানারআপ হয়। আর ঘ গ্রুপে (কলেজ বিভাগ) দ্বাদশ বি চ্যাম্পিয়ন ও দ্বাদশ এ রানারআপ হয়।
বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা