স্টাফ রিপোর্টার,চাঁদপুর:চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার ফয়সাল শপিং কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ও উৎপাদন-তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রি এবং ট্রাক রোডের আল আকসা ডায়াগনস্টিক সেন্টারে ল্যাব টেকনোলজিস্টের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান যৌথ বাহিনীর সহায়তায় এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, অভিযানে সুন্নাহ ঘরে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্যপণ্য বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ল্যাব টেকনোলজিস্টের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে আল আকসা ডায়াগনস্টিক সেন্টারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে ভবিষ্যতে এমন অনিয়ম না করার অঙ্গীকার করে। এছাড়া ভোক্তা অধিকার বিরোধী কার্য থেকে বিরত রাখতে লিফলেট ও পাম্পলেট বিতরণের মাধ্যমে সচেতনতা কার্যক্রমও পরিচালনা করা হয়।
অভিযানে জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম এবং যৌথ বাহিনীর একটি দল সহযোগিতা করে। ভোক্তা স্বার্থে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা