খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কারিগর পাড়া ও রেজামনি পাড়ায় বিশুদ্ধ খাবার পানির অভাব দূর করতে বাংলাদেশ সেনাবাহিনী বাস্তবায়ন করেছে একটি বিশেষ প্রকল্প। সেনাবাহিনী প্রধানের উদ্যোগে সৌরবিদ্যুতের মাধ্যমে স্থাপিত এই টেকসই পানি সরবরাহ ব্যবস্থা থেকে উপকৃত হবে স্থানীয় ৩ শতাধিক পরিবার।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রকল্পটির উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। উদ্বোধনকালে তিনি স্থানীয় শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন।
বাংলাদেশ সেনাবাহিনী শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও দীর্ঘদিন ধরে কাজ করছে। এ ধারাবাহিকতায় বিদ্যুৎবিহীন এলাকায় সৌরবিদ্যুৎ ব্যবহার করে পানি প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।
গত ২৯ মার্চ সেনাপ্রধান খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন রেজামনি পাড়া আর্মি ক্যাম্প পরিদর্শন করেন। ওই সময় তিনি স্থানীয় হেডম্যান, কারবারিও সাধারণ মানুষের কাছ থেকে এলাকার নানাবিধ সমস্যার কথা শোনেন। তাদের দাবির প্রেক্ষিতে বিশুদ্ধ পানির সংকট সমাধানে এই উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি।
নবনির্মিত প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, সদর জোন অধিনায়ক লে. কর্নেল মো.খাদেমুল ইসলাম, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, স্থানীয় হেডম্যান, কারবারি ও এলাকাবাসী।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা