বগুড়া প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা যুবদলের উদ্যোগে মোহাম্মদ আলী হাসপাতাল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ও বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। এ ছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আতাউর রহমান শম্ভু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সোহাগ, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সাংগঠনিক সম্পাদক মো. সৌরভ হোসেন শিবলু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাস ও যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদসহ অন্যান্য নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সব ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যুবদলের নেতাকর্মীরা রাজপথে থেকে যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার থাকবেন বলেও জানান তারা।
রিপোর্টার্স২৪/রাফিদ