ভাঙ্গা প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনরায় ভাঙ্গার সাথে সংযুক্ত করার দাবীতে লাগাতার কর্মসূচি পালন করছে ভাঙ্গার স্থানীয় বাসিন্দারা। সেই ধারাবাহিকতায় শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ভাঙ্গার বাসিন্দাদের নিয়ে গঠিত সর্বদলীয় ঐক্য কমিটি।
শুক্রবার বিকেলে চলমান আন্দোলনের প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মম ছিদ্দিক মিয়া তার ফেসবুক পোস্টে জানান, শনিবার সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষনা করার পাশাপাশি আন্দোলনের পরিকল্পনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।
আন্দোলনের কর্মসূচি ও সংবাদ সম্মেলন প্রসঙ্গে রিপোর্টাস২৪কে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, শনিবার আন্দোলন সমন্বয় কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হবে আলগী ইউনিয়ন পরিষদে। সেখান থেকে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে।
বাংলাদেশ নির্বাচন কমিশন ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন দুটি কেটে নিয়ে পার্শ্ববর্তী নগরকান্দা সালথা উপজেলার সাথে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করায় কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে গত ৫ সেপ্টেম্বর থেকে অবিভক্ত ভাঙ্গা উপজেলার সাথে পুনরায় দুটি ইউনিয়নকে স্ংযুক্ত করার দাবী জানিয়ে আসছেন ইউনিয়ন দুটির বাসিন্দারা।
এ বিষয় উল্লেখ করে তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে সড়ক অবরোধের পাশাপাশি ভাঙ্গা খুলনা বেনাপোল ঢাকার রেললাইনে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিক্ষিপ্ত শত শত জনতা অবরোধ কর্মসূচি পালন করেন। শুক্রবার পবিত্র জুম্মা মোবারক উপলক্ষে কমিটির সিদ্ধান্তে আন্দোলন স্থগিত ঘোষণা করা হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব