বরিশাল প্রতিনিধি : বরিশাল জেলার মুলাদী থানায় জমি সংক্রান্ত বিরোধের জেরধরে বাবুল বেপরী (৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এসময় একই পরিবারের আরও ২ জনকে কুপিয়ে মারাত্মক আহত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল উপজেলার সদর ইউনিয়নে ৯নং ওয়ার্ডে দড়িচর লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নে ৯নং ওয়ার্ডে দড়িচর লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা বাবুল ব্যাপারীর সঙ্গে প্রতিবেশী করিম মল্লিকের জমি জমা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিলো। এ নিয়ে আদালতে একাধিক দেওয়ানী মামলা রয়েছে। এমনকি কাজিরহাট থানায় উভয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
শুক্রবার বিকেল তিনটার দিকে কাঠেরপুল সংলগ্ন এলাকায় এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এসময় করিম মল্লিকের পুত্র করিম মল্লিকের নেতৃত্বে ইউসুফ মল্লিক, বেল্লাল সরদার, জুলহাস সরদার, সুলাইমান সরদার, রাজীব শরীফ, নাজমুল সিকদার, নুপুর বেগম, বাপ্পি হাওলাদারসহ ১৫/২০ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্র দিয়ে বাবুল বেপারীকে এলোপাথারি কোপাতে থাকে। এসময় তাকে রক্ষার জন্য এগিয়ে এলে ভাতিজা আলীম বেপারী (৪০) ও রেশমা বেগমকে (৩৫) কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যব্যরত চিকিৎসক বাবুল বেপারীকে মৃত বলে ঘোষণা করে।
এ ব্যাপারে মুলাদী থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে । তবে এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।।
রিপোর্টার্স২৪/ধ্রুব