| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিখোঁজের ৩ দিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ১

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১২, ২০২৫ ইং | ১৬:২২:৩৩:অপরাহ্ন  |  ১৫৫৬৮৫৬ বার পঠিত
নিখোঁজের ৩ দিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ১
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের তিনদিন পর ইলিয়াস (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও কালীস্থান সংলগ্ন কালঘোঁষা নদী থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। ইলিয়াস গান্দিগাঁও গ্রামের কালু গাজীর ছেলে। স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিলো। 

এদিকে এ ঘটনায় নাজমুল ইসলাম নামে এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ।তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর রাত থেকে শিশু ইলিয়াস নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ১০ সেপ্টেম্বর পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে শুক্রবার ভোরে বাড়ির পাশের কালঘোঁষা নদীতে তার মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

পুলিশ জানায়, ইলিয়াসের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটককৃত নাজমুলের মুরগির খামারের চারপাশে ঘের দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে শিশুটির মৃত্যু হয়। পরে লাশ গুম করার উদ্দেশ্যে নদীতে ফেলে দেওয়া হতে পারে।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ওসি মো. আল-আমীন বলেন, খবর পেয়ে শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সন্দেহভাজন হিসেবে নাজমুলকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। একইসাথে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪