আন্তর্জাতিক ডেস্ক : গত বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ইউক্রেন অবস্থান নিয়ে কথিত কথোপকথনের বিষয়ে ন্যাটো প্রধান মার্ক রুটের মন্তব্য প্রত্যাখ্যান করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে এটি ‘তথ্যগতভাবে ভুল এবং সম্পূর্ণ ভিত্তিহীন।’
ন্যাটো মহাসচিব মার্ক রুট এর আগে দাবি করেছিলেন যে ভারতের উপর মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শুল্ক পরোক্ষভাবে রাশিয়ার ওপর প্রভাব ফেলছে। রুট দাবি করেছেন যে নয়াদিল্লি মস্কোর সাথে যোগাযোগ করছে, ভারতের প্রধানমন্ত্রী মোদি, রুশ প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেন সম্পর্কে তাঁর অবস্থান স্পষ্ট করার জন্য অনুরোধ করেছেন। রুট সিএনএনকে বলেছেন,' দিল্লি, পুতিনের সাথে ফোনে কথা বলছে, এবং নরেন্দ্র মোদি তাঁকে ইউক্রেন সম্পর্কে তার কৌশল ব্যাখ্যা করতে বলছেন কারণ ভারত শুল্কের সম্মুখীন হচ্ছে।'
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বলেন, 'আমরা প্রধানমন্ত্রী মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে কথিত ফোনালাপ সম্পর্কে ন্যাটো প্রধান মার্ক রুটের বক্তব্য দেখেছি এবং আমি স্পষ্ট করে বলতে চাই যে, এই বক্তব্য বাস্তবিকভাবে ভুল এবং সম্পূর্ণ ভিত্তিহীন।' এরইসঙ্গে তিনি বলেন,' যে ভাব ভঙ্গিমার ইঙ্গিত দেওয়া হয়েছে সেভাবে কোনও পর্যায়েই প্রধানমন্ত্রী মোদি, প্রেসিডেন্ট পুতিনের সাথে কথা বলেননি। এমন কোনও কথোপকথন হয়নি।'
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন যে ভারত আশা করে যে ন্যাটোর মতো একটি গুরুত্বপূর্ণ এবং সম্মানিত প্রতিষ্ঠানের নেতৃত্ব ‘জনসাধারণের বিবৃতিতে আরও বেশি দায়িত্বশীলতা এবং নির্ভুলতা প্রয়োগ করবে।’ জয়সোয়াল বলেন,'প্রধানমন্ত্রীর ব্যস্ততাকে ভুলভাবে উপস্থাপন করে বা কখনও ঘটেনি এমন কথোপকথনের ইঙ্গিত দেয়,এমন অনুমানমূলক বা অসাবধান মন্তব্য গ্রহণযোগ্য নয়।' গত মাসে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশে উন্নীত করেছেন। এক্ষেত্রে তিনি রাশিয়ার থেকে ভারতের তেল কেনার জন্য ওই ৫০ শতাংশের মধ্যে বাড়তি ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। এদিকে দিল্লি আজ সাফ বলেছে,'ভারত তার জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।'
রিপোর্টার্স ২৪/এমবি