| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জে নিজ দোকানে ৩৯ ভরি স্বর্ণ লুটের ঘটনায় মালিকসহ আটক ৫

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৫ ইং | ০৮:০৪:৫০:পূর্বাহ্ন  |  ২৩৩৫৫১৪ বার পঠিত
মানিকগঞ্জে নিজ দোকানে ৩৯ ভরি স্বর্ণ লুটের ঘটনায় মালিকসহ আটক ৫

অভি হাসান, মানিকগঞ্জ প্রতিনিধি : সম্প্রতি মানিকগঞ্জে আলোচিত স্বর্ণ ডাকাতির ঘটনাটি আসলে ছিল পূর্ব পরিকল্পিত এক প্রতারণার নাটক। গচ্ছিত স্বর্ণ নিজের কব্জায় নিতে এই অভিনব কৌশলে ডাকাতির গল্প সাজান স্বর্ণকার ও দোকান মালিক শুভ দাস (৩৫)। কিন্তু ঘটনাটি ঘটার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ দোকান মালিকসহ ৫ অপরাধীকে আটক করেছে। সেই সাথে উদ্ধার করেছে ৩৯ ভরি ৭ আনা স্বর্ণালংকার। এর মধ্য দিয়ে ডাকাতির নাটকটি  প্রকাশ্যে আসে।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন পুলিশ সুপার মোসাম্মৎ ইয়াসমিন খাতুন। এ ঘটনায় মূল হোতা শুভ দাসসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন,শুভ দাস (৩৫), আমানত হোসেন রানা (২৭), সোহেল মিয়া (২১), শরিফ খান (২২) ও সবুজ মিয়া (২৭)। তারা সবাই সদর উপজেলার কান্দাপৌলি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, দোকান মালিক শুভ দাস প্রায় এক মাস আগে তার পরিচিত মোটরসাইকেল মেকানিক আমানত হোসেন রানার সঙ্গে মিলে দোকানে ‘নাটকীয় ডাকাতির’ পরিকল্পনা করেন। সেই অনুযায়ী শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ শহরের স্বর্ণকারপট্টির “অভি জুয়েলার্স”-এ সাজানো ডাকাতির ঘটনা ঘটে। নাটকটিকে বিশ্বাসযোগ্য করতে নিজের শরীরেও ছুরিকাঘাতের আঘাত নেন শুভ দাস। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি।

পুলিশের তথ্য অনুযায়ী, ডাকাতির বিনিময়ে পাঁচ লাখ টাকার মৌখিক চুক্তি হয়েছিল শুভ দাস ও রানার মধ্যে। এর মধ্যে আগাম ৪৫ হাজার টাকা পরিশোধ করেন শুভ। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুরো ঘটনাটির সত্যতা স্বীকার করেছে বলে নিশ্চিত করেছেন পুলিশ কর্মকর্তারা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, “ঘটনার নেপথ্যের কৌশল ও উদ্দেশ্য উদঘাটিত হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে উদ্ধারকৃত স্বর্ণসহ আদালতে পাঠানো হবে।” সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  মো. সালাউদ্দিন প্রমুখ। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪