রিপোর্টার্স২৪ ডেস্ক: কয়েকজন টোকাইকে দিয়ে বোমাবাজি, ককটেল নিক্ষেপ ও গাড়িতে আগুন দেওয়ার মতো নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে আওয়ামী লীগ দেশে ফিরে আসার স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি অভিযোগ করে বলেন, ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। সেখান থেকে ভিডিও বার্তা ছড়িয়ে বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে। আর দেশে কয়েকজন টোকাইকে দিয়ে বোমাবাজি, ককটেল নিক্ষেপ ও গাড়ি পোড়ানোর মতো ঘটনা ঘটানো হচ্ছে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিএনপি আয়োজিত মজলুম নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে মওলানা ভাসানীকে ভারতের চর বলে আখ্যায়িত করেছিল। অথচ এখন আওয়ামী লীগের নেতারাই ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার তৎপরতা চালাচ্ছেন। তাঁদের কেউ কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনেছেন। সেখান থেকে ভিডিও বার্তা দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির নির্দেশনা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, ‘ধৈর্যের একটা সীমা আছে। সেই সীমা যাতে অতিক্রম না করে, সে বিষয়ে পলাতক শক্তিকে সতর্ক করতে চাই। বোমাবাজি করে দেশে ফিরে আসার স্বপ্ন বাস্তবায়ন হবে না।’
দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ১৭ বছর ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক শক্তি আন্দোলন-সংগ্রাম করেছে। পরবর্তী সময়ে তারেক রহমানের নেতৃত্বেও সেই সংগ্রাম অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র, জনতা ও শ্রমিকের অংশগ্রহণে গণঅভ্যুত্থান সংঘটিত হয়। সেই আন্দোলনে অনেকে আত্মত্যাগ করেছেন।
তিনি বলেন, সেই রক্তের দাগ এখনো শুকায়নি। এমন পরিস্থিতিতে আবার শেখ হাসিনা ফিরে আসবেন, আবার বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা লোপাট হবে, সোনালী ব্যাংকের টাকা লন্ডনে চলে যাবে, বেসিক ব্যাংকের অর্থ লুটপাট হবে এবং বিদেশে একের পর এক ফ্ল্যাট কেনা হবে—দেশের মানুষ এমন পরিস্থিতি মেনে নেবে না।
শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে জমি দখল ও সম্পদ অর্জনের অভিযোগ তুলে রিজভী বলেন, পূর্বাচলে ৬০ কাঠা জমি শেখ হাসিনা, তাঁর ভাগ্নি ও মেয়ের নামে নেওয়া হয়েছে। গোটা বাংলাদেশকে যেন নিজেদের জমিদারি মনে করা হয়েছিল। সেই জমিদারি ফিরে পাওয়ার জন্যই টোকাইদের দিয়ে বোমাবাজি করিয়ে দেশে প্রত্যাবর্তনের চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি।
মওলানা ভাসানীর রাজনৈতিক অবদান স্মরণ করে রিজভী বলেন, ১৯৪৯ সালে তিনি আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী সময়ে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন করেন। ১৯৫৭ সালেই পাকিস্তানের শাসকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তিনি স্বাধীনতার আকাঙ্ক্ষার ইঙ্গিত দিয়েছিলেন। মওলানা ভাসানীর রাজনৈতিক জীবন ও অবদান নিয়ে নতুন প্রজন্মের জানার এবং গবেষণার অনেক সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী আরও বলেন, বাংলাদেশের সংগ্রামের ইতিহাসে মওলানা ভাসানী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতারা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন। এ দেশের মাটি ও মানুষের মধ্য থেকে উঠে আসা নেতৃত্ব এবং জনগণকে বোমাবাজি কিংবা বিদেশ থেকে উসকানি দিয়ে দমন করা সম্ভব নয়।
মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির উপদেষ্টা নজরুল হক নান্নু, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফুসহ দলের অন্যান্য নেতারা।
সভা সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
রিপর্টার্স২৪/ঝুম