ময়মনসিংহ প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে আটক করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৬ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে নগরীর ছোট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, আটক যুবক জেলার সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয়। ছোট বাজার এলাকায় তার মালিকানাধীন একটি প্রতিষ্ঠান আছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সোমবার বেলা ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে ধর্ম নিয়ে একটি পোস্ট দেন ওই যুবক। এর দুই ঘণ্টা পর আরেকটি পোস্ট দেন। সেই পোস্টে এক মন্তব্যকারীকে রিপ্লাইয়ে ধর্ম নিয়ে কটূক্তি করেন। এটি দেখে শহরজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রতিবাদে দুপুরে বিক্ষোভ করেন একদল লোক। তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। পরিস্থিতি বিবেচনায় নিয়ে রাতে ওই যুবককে আটক করে পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম। তিনি বলেন, ‘ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় ওই যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
রিপোর্টার্স২৪/সোহাগ