স্টাফ রিপোর্টার,চাঁদপুর : চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার অপরাধে দুই জেলেকে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বরুপ মুহুরী।
অভিযান পরিচালনাকারী হাইমচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ.বি.এম. আশরাফুল হক জানান, হাইমচর উপজেলার মাঝির বাজার সংলগ্ন এলাকায় মাওয়া থেকে আগত ২০০ সিসির স্পিড বোটের মাধ্যমে অবৈধভাবে ইলিশ শিকার করছিলো। রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকারী দল তাদের ধাওয়া করে ২ জন আসামি আটক এবং ২০০ সিসির একটি স্পিডবোট জব্দ করে। এছাড়াও ওই বোট থেকে প্রায় ১০০০ মিটার কারেন্ট জাল জব্দ করে । জব্দকরা জাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়।
পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং আটক করা ২ জেলেকে ২০ দিন করে কারাদণ্ড দেন ।
জব্দ স্পিড বোটটি হাইমচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জব্দ করেছেন।
অভিযানে কোস্টগার্ড হাইমচর নয়ানী আউটপোস্ট কন্টিনজেন্ট কমান্ডার সানোয়ার হোসেন ও সদস্যরা সার্বিক সহযোগিতা করে।
রিপোর্টার্স২৪/ প্রীতিলতা /এসসি