মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫” উপলক্ষে সংবাদকর্মীদের জন্য এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা : ইয়াসমিন আক্তার। সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মো: দেলোয়ার হোসেন।
বক্তারা বলেন, টাইফয়েড একটি সংক্রামক রোগ, যা সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও টিকাদান কার্যক্রম সফল করতে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা মত দেন।
ওরিয়েন্টেশন সভায় টাইফয়েড প্রতিরোধে টিকাদানের গুরুত্ব, ক্যাম্পেইনের সময়সূচি এবং তথ্য প্রচারের কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও পৌর প্রশাসক মুহাম্মদ হাবিবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ভাস্কর সাহা, সিভিল সার্জনের প্রতিনিধি এসএম খলিলুজ্জামান হিমু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সীসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী তথ্য অফিসার বেনজির আহমেদ।
রিপোর্টার্স২৪/এসএন