মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ শহরের পোড়রা এলাকার একটি আবাসিক ভবন থেকে স্যামুয়েল হাসদা (৩২) নামের এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে প্রফেসর সুলতান উদ্দিনের মালিকানাধীন ওই ভবনের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত স্যামুয়েল হাসদা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সরকার হালদারের ছেলে। তিনি দীর্ঘ ১০ বছর ধরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ’ (বারসিক)-এ সহযোগী সমন্বয়ক হিসেবে কর্মরত ছিলেন এবং মানিকগঞ্জের ঘিওর উপজেলায় দায়িত্ব পালন করছিলেন।
সহকর্মী ও বারসিকের প্রোগ্রাম অফিসার কমল দত্ত জানান, পূজার ছুটিতে স্যামুয়েল হাসদা ১ অক্টোবর গ্রামের বাড়ি যান এবং গতকাল (৬ অক্টোবর) রাতে মানিকগঞ্জে ফিরে আসেন। আজ সকালে তার অফিসে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু দুপুর পর্যন্ত তিনি না আসায় সহকর্মীরা ফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে তারা পোড়রা এলাকায় ভাড়া বাসায় গিয়ে দরজায় দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বাড়িওয়ালার মাধ্যমে পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে ঘরের বিছানার উপর স্যামুয়েলের নিথর দেহ দেখতে পান।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ তদন্ত শেষে জানা যাবে।
রিপোর্টার্স২৪/এসএন