কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বাংড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালিহাতী উপজেলার কোনাবাড়ী এলাকার জহের আলী ও বানিয়াফৈর এলাকার মুক্তার আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একদল নির্মাণ শ্রমিক কাজ শেষে ঘুনি সালেংকা এলাকা থেকে পিকআপভ্যানে করে এলেঙ্গার দিকে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে পিকআপভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং শ্রমিকরা ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ আলমগীর হোসেন জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়।
রিপোর্টার্স২৪/এসএন