নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাগাগিলী ইউনিয়নের পাগলাটারী গ্রামের প্রবীণ দম্পতি মোস্তাকিন আলী। গরু ছাড়াই ৩০ বছর ধরে স্ত্রীকে নিয়ে ঘানি টানছিলেন। গণমাধ্যমে এই খবর প্রকাশিত হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। তিনি সহযোগিতার জন্য খোঁজ খবর নিতে দলের প্রতি নির্দেশ দেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবারে’র প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি দল উপহার সামগ্রী নিয়ে হাজির হন প্রবীণ দম্পতি মোস্তাকিন আলীর বাড়িতে।
আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের পক্ষ থেকে ‘ঘানির জন্য গরু’ কিনতে নগদ অর্থ এবং তার পরিবারকে স্বাবলম্বী করতে ব্যাটারিচালিত দু’টি অটোভ্যানের চাবি তুলে দেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এ সময় উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবারে’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন, সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও খ্যাতিমান সঙ্গীত শিল্পী বেবী নাজনীন, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, সৈয়দপুর (সাংগঠনিক) জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু ও কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লা আল-মামুনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে একই অনুষ্ঠানে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত সৈয়দপুর (সাংগঠনিক) জেলায় শহীদ সাজ্জাদ হোসেন ও শহীদ নাঈম বাবুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আর্থিক অনুদান দেয় ‘আমরা বিএনপি পরিবার।’
রিপোর্টার্স২৪/টিআই