মাদারীপুর প্রতিনিধি : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী প্রত্যেক সৈনিকের বিএনপিতে রাজনীতি করার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মেজর (অব.) রেজাউল করিম।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে কালকিনি উপজেলায় নেতাকর্মীদের নিয়ে শোডাউন শেষে অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপিতে কাউকে ঠিকাদারি দেওয়া হয়নি যে তুমি বিএনপির একমাত্র ধারক। যে ব্যক্তি বিএনপিকে ভালোবাসে এবং শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে, সেই-ই বিএনপি করতে পারবে। কে বিএনপির যোগ্য, তা নির্ধারণ করবেন দলের নীতি নির্ধারকরা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মেজর (অব.) রেজাউল করিম আরও বলেন,বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে ছাড় দেওয়া হবে না। অনুষ্ঠানের নামে যারা চাঁদাবাজি করে, তাদের সেই কার্যক্রম বন্ধ করতে হবে। আমি আমার নিজের পরিশ্রমের অর্থ দিয়ে নেতাকর্মীদের দেখাশোনা করি, কোনো চাঁদার টাকায় নয়।
তিনি আরও বলেন, রাজনীতিতে হয়রানিমূলক মিথ্যা মামলা দূর করা হবে। প্রশাসন যাতে কোনো প্রকার চাপ ছাড়া নির্বিঘ্নে কাজ করতে পারে, সেই পরিবেশ তৈরি করা হবে। আমার কোনো নেতাকর্মী বিএনপির নাম ভাঙিয়ে টেন্ডারবাজি করতে পারবে না। সরকারি কোনো অফিসে চাঁদাবাজির সুযোগ দেওয়া হবে না।
অনুষ্ঠান শেষে তিনি কালকিনি বাজার এলাকায় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
রিপোর্টার্স২৪/এসএন