| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৫ ইং | ১২:৪৪:৪৬:অপরাহ্ন  |  ১৪২৯৬২৫ বার পঠিত
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন
ছবির ক্যাপশন: সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন

রাঙ্গামাটি প্রতিনিধি:  চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘এখন টিভি’র দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল আল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, সাবেক সভাপতি এস এম সামশুল আলম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক আরমান খান এবং জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি শান্তিময় চাকমা প্রমুখ।

বক্তারা বলেন, ‘দেশে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা ক্রমেই বাড়ছে। এর সর্বশেষ উদাহরণ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে এখন টিভির সাংবাদিক হোসাইন জিয়াদ ও মো. পারভেজের ওপর সন্ত্রাসী হামলা। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।’

রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় থেকে মে ২০২৫ পর্যন্ত দেশে ৬৪০ জন সাংবাদিক লক্ষ্যবস্তু হয়েছেন, আর ২০৬টি সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনার বিচার না হওয়ায় হামলার প্রবণতা বেড়েই চলছে।’

রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল আল হক বলেন, ‘দুর্ভাগ্যের বিষয়, বারবার সাংবাদিকদের ওপর হামলার পরও দায়ীদের বিচার হয়নি। রাষ্ট্রের উচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও সাংবাদিক সুরক্ষা আইন কার্যকর করা। অন্যথায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে, যা গণতন্ত্রের জন্য হুমকি।’

মানববন্ধনে রাঙ্গামাটিতে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪