মানিকগঞ্জ প্রতিনিধি : মানবিক উদ্যোগের অনুপ্রেরণায় গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মানিকগঞ্জের সিংগাইরে যাত্রা শুরু করেছে জালাল উদ্দিন আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার বায়রা এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে ফাউন্ডেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মানিকগঞ্জ-২ (সিংগাইর ও হরিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
মরহুম জালাল উদ্দিন আহমেদ ছিলেন বায়রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ভাষা শহীদ রফিকের সহপাঠী। এলাকার মানুষের প্রতি তাঁর অগাধ ভালোবাসা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্মৃতিকে ধরে রাখতে পরিবার ও স্থানীয় সমাজসেবকদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে এই ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা, রক্তদান কর্মসূচি, মাতৃ ও শিশু স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং বিনামূল্যে ওষুধ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী দিনে ২০০ জন দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, “গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। জালাল উদ্দিন মেমোরিয়াল ফাউন্ডেশন এলাকার মানুষের জন্য একটি আশীর্বাদ হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি।”
অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি বশির আহমেদ সভাপতিত্ব করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সহস্রাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসএন