| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাগড়াছড়িতে সম্প্রীতি বজায় রাখতে ব্যবসায়ীদের প্রতি বিজিবির আহ্বান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৫ ইং | ১৪:০০:৫১:অপরাহ্ন  |  ১৪৬৩০২৬ বার পঠিত
খাগড়াছড়িতে সম্প্রীতি বজায় রাখতে ব্যবসায়ীদের প্রতি বিজিবির আহ্বান

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার স্বনির্ভর বাজার এলাকায় স্থানীয় ব্যবসায়ীদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে “জনসচেতনতামূলক আলোচনা ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর ২০২৫) দুপুর ১২টায় খাগড়াছড়িস্থ স্বনির্ভর বাজারে এই সভার আয়োজন করে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)।

সভায় সভাপতিত্ব করেন ৩২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন। এতে স্বনির্ভর বাজারের নবনির্বাচিত বাজার কমিটি, স্থানীয় দোকান মালিক, ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা উপস্থিত ছিলেন।

সভায় নবনির্বাচিত বাজার কমিটির সঙ্গে পরিচিতি ও কুশল বিনিময়ের পাশাপাশি বাজারের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা এবং ভবিষ্যতে কোনো ধরনের দাঙ্গা, সহিংসতা বা ভুল বোঝাবুঝি রোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অধিনায়ক লে. কর্নেল কামরান কবির উদ্দিন বাজার কমিটিকে সতর্ক ও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান এবং পাহাড়ি-বাঙালি ব্যবসায়ীদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাজারের নিরাপত্তা জোরদারে বাজার কমিটির ব্যবস্থাপনায় পাহাড়ি-বাঙালি সমন্বয়ে নিরাপত্তাকর্মী নিয়োগের বিষয়েও আলোচনা হয়।

সভায় ৩২ বিজিবির পক্ষ থেকে গত ২৭ সেপ্টেম্বর স্বনির্ভর বাজারে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের আর্থিক অনুদান প্রদান করা হয়। অধিনায়ক লে. কর্নেল কামরান কবির উদ্দিন অনুদানের অর্থ নবনির্বাচিত বাজার কমিটির সভাপতি রনিক ত্রিপুরার নিকট হস্তান্তর করেন এবং অনুদানটি দ্রুত ক্ষতিগ্রস্তদের মাঝে সুষ্ঠুভাবে বিতরণের আহ্বান জানান।

তিনি অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার জন্য গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করে বলেন, “ভবিষ্যতে যেন এমন কোনো ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। পাহাড়ি-বাঙালি ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে কাজ করলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪