শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আসন্ন জাতীয় নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের বিএনপি সমর্থিত প্রার্থী প্রফেসর ড. এম এ মুহিত বলেন, ‘দৃষ্টি প্রতিবন্ধী ও প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। আমরা যারা সুস্থ্য মানুষ তাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে প্রতিবন্ধীরা সমাজে আজও অবহেলিত। দেশের ৬৪ জেলার প্রতিটি উপজেলায় ৪ বছর ধরে ৪০ হাজার দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের আমরা খুঁজে বের করে তাদের মধ্যে ১২ হাজার শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবার মাধ্যমে স্বাভাবিক দৃষ্টি ফিরিয়ে দিয়ে আমরা তাদের সুস্থ্য স্বাভাবিক জীবন ফিরিয়ে দিয়েছি।’
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে শাহজাদপুর চক্ষু হাসপাতাল ও সিএসএফ গ্লোবাল নামের একটি সংগঠনের উদ্যোগে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে দৃষ্টি সচেতনতা বিষয়ক কর্মসূচি পালিত হয়। সেখানে আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যেে এসব কথা বলেন ড. মুহিত। তিনি চাইল্ড সাইট ফাউন্ডেশন গ্লোবাল (সিএসএফ গ্লোবাল) এবং প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেম’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট।
তিনি বলেন, ‘দৃষ্টির সুরক্ষা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রতিবন্ধী শিশুদের সহযোগীতার হাত বাড়িয়ে দিলে ওরাই সমাজের সুস্থ্য সকলের মতো, মানুষের মতো মানুষ হিসেবে বেড়ে উঠার মধ্য দিয়ে সম্পদে পরিণত হতে পারে।’
ড. এম. এ. মুহিত আরো বলেন, ‘বাংলাদেশে এখনো লাখো মানুষ প্রতিরোধযোগ্য দৃষ্টিহীনতায় ভুগছেন। প্রাথমিক পর্যায়ে চোখের যত্ন ও সময়মতো যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয় বরং এটি তাদের মৌলিক অধিকার। সিএসএফ গ্লোবাল ও মতিন আই কেয়ার সিস্টেম যৌথভাবে প্রায় ২৫ বছর কাজ করছে, যাতে প্রত্যন্ত অঞ্চলের হাজার হাজার মানুষ বিনামুল্যে ও স্বল্পমূল্যে চোখের চিকিৎসাসেবা পেয়ে সমাজে সুস্থ্য ও স্বাভাবিক জীবনে ফিরে পেয়েছে । দৃষ্টি প্রতিবন্ধী ও প্রতিবন্ধীদের কল্যাণে সে কাজটিই বিশ্বব্যাপী আমরা করে চলেছি।’
শাহজাদপুরের হাবিবুল্লাহনগর ইউনিয়নের ডায়া গ্রামের আবু সাঈদের অন্ধ ছেলে রবিউল (২৪) ও অনন্ধ মেয়ে শাহিনূরের একটি করে চোখে কর্ণিয়া সংযোজন করে ‘অন্ধকার থেকে আলোর জীবন’ ফিরিয়ে দিয়েছে সিএসএফ গ্লোবাল। দৃষ্টি ফিরে পেয়ে স্বাভাবিক জীবনযাপন করা রবিউল ও শাহিনূর বলেন, ‘মুহিত সাহেবের কারণে আমরা পৃথিবীর আলো দেখতে পেরেছি। মুহিত সাহেব ধানের শীষ প্রতীক পেয়েছেন। তাকে ভোটে বিজয়ী করতে পারলে এমপি হিসেবে তিনি আমাদের আরও সেবা সহযোগীতা করতে পারবেন।’
‘আপনার চোখেকে ভালোবাসুন এবং চোখের দৃষ্টি, সবার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহজাদপুরে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত হয়। এতে ৫০ জন প্রতিবন্ধীর মাঝে সাদাছড়ি বিতরণ করেন ড. মুহিত। এদিন সকালে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করেন সিএসএফ গ্লোবাল টিম। তারপর আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিবন্ধি শিশু-কিশোর ও বিশেষায়িত স্কুল ‘শিশু স্বর্গ’র শিক্ষার্থীরা অংশ নেয়। এরপর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে সচেতনতামূলক র্যালি ও শোভাযাত্রা শুরু হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এর আগে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাসুদ রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মকবুল হোসেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এম এ জাফর লিটন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক কোরবান আলী লাভলু প্সরমুখ। বক্তারা দৃষ্টি সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব