রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির বরকল উপজেলায় কর্ণফুলী নদীতে বজ্রপাতে মো. সুমন (৩৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় আরও চার জেলে আহত হয়েছেন বলে জানা গেছে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে আনুমানিক ১০টার দিকে উপজেলার ২ নম্বর বরকল ইউনিয়নের কুরকুটিছড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।
নিহত সুমনের বাড়ি সিলেট জেলায়। আহতরা হলেন- কুমিল্লার মো. আয়াতুল (৩০), খুলনার দিঘুলিয়া উপজেলার মো. মামুন (২৭), নোয়াখালীর মো. সুমন (৩৭) এবং রাজশাহীর মো. রাজু (৪০)।
স্থানীয় সূত্রে জানায়, রাতে প্রবল বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে ছয়জন জেলে মাছ ধরছিলেন। হঠাৎ বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই সুমন মারা যান এবং বাকিরা আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাঙ্গামাটি সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) মাহমুদুল হাসান বলেন, “বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্যের খোঁজ নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
রিপোর্টার্স২৪/এসএন