খুলনা প্রতিনিধি : খুলনার দাকোপে বেড়িবাঁধ ভেঙে ৮টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন সেখানকার তিলডাঙ্গা ইউনিয়নের ২০ হাজার মানুষ। খাদ্য ও সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। অনেকেই খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন।
ভেসে গেছে মাছের ঘের ও সবজি ক্ষেত। বাঁধভেঙে যাওযার ফলে ঝুঁকিতে রয়েছে ৩০২ বিঘা জমির আমন ধান। সবমিলে ক্ষতির পরিমাণ শতকোটি টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খুলনা জেলা প্রশাসক জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে শুকনো খাবার চিড়া-গুড়সহ চাল, ডাল, তেল, লবণ, হলুদ ও মসলার ত্রাণসামগ্রী বিতরণ করেন। দ্রুত বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন। দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক অবস্থান করে মেরামত কাজ তদারকি করছে।
গত ৭ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে দাকোপের তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া এলাকার ১৫০ ফুট বেড়িবাঁধ ভেঙে ৮টি গ্রাম তলিয়ে যায়। এরপর ৮ অক্টোবর রাতে বাঁধটি আটকানো হয়। কিন্তু ওই রাতের জোয়ারে আবারও বাঁধ ভেঙে যায়।
এ ঘটনায় তিলডাঙ্গা ইউনিয়নের উত্তর কামিনীবাসিয়া, বটবুনিয়া, নিশানখালী, আড়াখালী, দক্ষিণ কামিনীবাসিয়া, ভাদলা বুনিয়া, মশামারী, গড়খালী ও কাঁকড়া বুনিয়া এলাকা কমবেশি প্লাবিত হয়।
রিপোর্টার্স২৪/এসএন