অভয়নগর (যশোর) প্রতিনিধি: উপজেলার নওয়াপাড়া পৌরসভার উদাসীনতা এবং সরকারি কোন অনুদান না পেয়ে এলাকার যুব সমাজ (নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে) প্রায় ৩০০ ফুট রাস্তা সংস্কার করে চলাচলের উপযোগী করে তুলেছেন ।
নওয়াপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের আলীপুর এলাকার মহাসড়ক থেকে মধ্যপাড়া পর্যন্ত সড়কে পৌরসভা কর্তৃপক্ষের উদাসীনতায় দীর্ঘদিন সংস্কার না হওয়াতে রাস্তাটি খানা-খন্দে পরিণত হয়েছিল । বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে যেতো । পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় আশপাশের বাড়িগুলিও পানিবন্দি হয়ে পড়তো। এলাকাবাসী বিভিন্ন সময় পৌরসভায় অভিযোগ দিলেও কর্তৃপক্ষের কাছে সামান্য সহযোগিতা না পাওয়ায় তারা নিজেরাই সড়কটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন।
গত ০৫ সেপ্টম্বর থেকে শুরু করে ১০ অক্টোবর পর্যন্ত প্রতি শুক্রবার ছুটির দিন সকাল থেকে দুপুর পর্যন্ত এই কাজে অংশ গ্রহণ করেন এলাকার সকল শ্রেণী -পেশার মানুষ।
এলাকার বাসিন্দা সাংবাদিক মোশাররফ হোসেন বলেন, ‘এই রাস্তা নিয়ে এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন যাবৎ ভোগান্তিতে ছিলো। পৌরসভায় অভিযোগ দিয়ে কোন প্রতিকার না পেয়ে এলাকাবাসীর উদ্যোগে ও সম্পূর্ণ নিজেদের অর্থায়নে রাস্তার পূর্বের সমস্ত ভাঙ্গা ইট উঠিয়ে বালি ভরাট করে নতুন ইট বিছিয়ে, মাটি দিয়ে রাস্তার পাশ বেঁধে জনসাধারণের চলাচলের উপযোগী করে তোলা হয়েছে। পাশাপাশি এই সম্মিলিত উদ্যোগ সমাজে দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করছি।’
এ বিষয়ে জানতে চাইলে নওয়াপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম বলেন, স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা মেরামতের বিষয়টি আমার জানা নেই। এখন জানতে পারলাম, বিষয়টি আমি দেখছি।’
রিপোর্টার্স২৪/ প্রীতিলতা