শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানাধীন এলাকায় ঢাকা–ভাঙ্গা মহাসড়কে গভীর রাতে সড়ক দুর্ঘটনা ঘটেছে।
শনিবার (১১ অক্টোবর) রাত আনুমানিক ২ টার সময় শরীয়তপুর জাজিরা উপজেলার পশ্চিম নাওডোবা তস্তার কান্দি এলাকায় দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত ৪জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নাওডোবা গোলচত্বর থেকে প্রায় ১০০ গজ সামনে ঢাকা থেকে ভাঙ্গামুখী পথে চলছিল একটি কভার ভ্যান। হঠাৎ পেছন দিক থেকে দ্রুতগতির লাবিবা পরিবহন কভার ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। প্রচণ্ড আঘাতে কভার ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ড অতিক্রম করে উল্টে গিয়ে বিপরীত লেনে (ভাঙ্গা থেকে ঢাকামুখী সড়ক) গিয়ে পড়ে।
এ সময় বিপরীত দিক থেকে আসা সেলফি পরিবহন একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে তিনটি যানবাহনের চালকসহ অন্তত ছয়জন আহত হন। লাবিবা ও সেলফি পরিবহনের চালক গুরুতর আহত অবস্থায় নিজ নিজ ড্রাইভিং সিটে আটকা পড়ে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি বাসের সামনের অংশ কেটে আটকে পড়া চালকদের উদ্ধার করে। এ সময় কাভার্ড ভ্যানের চালক বা হেলপারদের মধ্যে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
অন্যদিকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর শিবচর হাইওয়ে থানা পুলিশ ও পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার তৎপরতা তদারকি করে।
পরে ভাঙ্গা হাইওয়ে থানার রেকার ইউনিট এসে সেলফি পরিবহন বাসটিকে রাস্তা থেকে সরিয়ে ভাঙ্গা ডিপোতে নিয়ে যায়। দু্র্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়, যা পরে স্বাভাবিক হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি ছিলেন ওই কাভার্ড ভ্যানের ড্রাইভার এবং তার নাম শামীম এবং তিনি যশোর জেলার বাসিন্দা।
এবিষয়ে জানতে চাইলে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম সাংবাদিকদের বলেন রাত আনুমানিক ২ টার দিকে পদ্মাসেতুর পার্শ্ববর্তী এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় একজন কাভার্ডভ্যান ড্রাইভার নিহত হন এবং ৩-৪ জনের মতো আহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/প্রীতিলতা