তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে হেরোইনসহ জোসনা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে গ্রেফতারকৃত জোসনা বেগমকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।
১০ অক্টোবর শুক্রবার গভীর রাতে পৌর শহরের খামারিয়াপাড়া এলাকায় ওই অভিযান পরিচালনা করেন শ্রীবরদী অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন অহিদ আল আকরাম। এসময় তার দেহ তল্লাশি করে ৮৭ পুরিয়া হেরোইন পাওয়া যায়। ওই নারী খামারিয়াপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী আকবরের স্ত্রী।
অপরদিকে একই রাতে শ্রীবরদী থানার এসআই মো. শাহজাহানের নেতৃত্বে দহেরপাড় রোডে চেকপোস্ট বসিয়ে পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে ১৮১ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলের বোতলসহ পিকাপ ভ্যান জব্দ করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিত টের পেয়ে চালক ও সহযোগিরা কৌশলে পালিয়ে যায়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে শ্রীবরদী থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
রিপোর্টার্স২৪/আরকে