অভি হাসান, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫”। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর আওতায় বাস্তবায়িত এই ক্যাম্পেইনে জেলার ৫ থেকে ১৫ বছর বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড প্রতিরোধক টিকা দেওয়া হবে।
শনিবার সকালে শহরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. মানোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. এ. কে. এম. মোফাখখারুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জনের কার্যালয়ের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক এবং শিক্ষার্থীরা। উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “টাইফয়েড প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
কর্মকর্তারা জানান, এ বছর জেলায় মোট ৪ লাখ ৪৯০ জন শিশুকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অভিভাবকদের নির্ধারিত সময় ও স্থানে সন্তানদের নিয়ে এসে টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
জনস্বাস্থ্য রক্ষায় ও টাইফয়েড নিয়ন্ত্রণে এই ক্যাম্পেইনকে জেলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।