রিপোর্টার্স২৪ ডেস্ক : বিশ্বসিনেমার কিংবদন্তি অভিনেতা ও পরিচালক চার্লি চ্যাপলিনের অসমাপ্ত চলচ্চিত্র দ্য ফ্রিক–এর চিত্রনাট্য এবার প্রথমবারের মতো প্রকাশিত হচ্ছে। ‘দ্য ফ্রিক: দ্য স্টোরি অব অ্যান আনফিনিশড ফিল্ম’ শিরোনামে বইটি তৈরি হয়েছে চ্যাপলিনের পাণ্ডুলিপি, স্টোরিবোর্ড ও স্কেচের ভিত্তিতে।
চ্যাপলিন ১৯৭৭ সালে মৃত্যুর আগে ছবিটি নিয়ে কাজ করছিলেন। ব্রিটিশ প্রকাশক পল ক্রোনিন জানান, চ্যাপলিন এই ছবিতে তার কালজয়ী চরিত্র ‘লিটল ট্রাম্প’-এর মতোই এক ‘বহিরাগত’ নায়িকা তৈরি করেছিলেন। ‘স্টিকিং প্লেস বুকস’ প্রকাশনী থেকে এই বইটি প্রকাশিত হচ্ছে।
চিত্রনাট্যে দেখা যায়, ‘সারাফা’ নামের এক ডানাওয়ালা অর্ধমানব-অর্ধপাখি নারী অসুস্থ মানুষকে সুস্থ করে তোলার ক্ষমতা রাখে এবং পৃথিবীতে শান্তির বার্তা আনে। সারাফার চরিত্রে অভিনয় করার কথা ছিল চ্যাপলিনের কন্যা ভিক্টোরিয়ার। আর চ্যাপলিন নিজে অভিনয় করার পরিকল্পনা করেছিলেন একটি সংক্ষিপ্ত চরিত্রে—লন্ডনের আকাশে সারাফাকে দেখে বিস্মিত এক মাতাল হিসেবে।
চ্যাপলিনের জীবনীকার ডেভিড রবিনসন, যিনি বইটি লিখেছেন, বলেন, “ছবিটি শেষ না হওয়াটা দুঃখজনক, কারণ এটি তার অন্যতম সেরা সৃষ্টি হতে পারত।” ভিক্টোরিয়ার ভাষ্য অনুযায়ী, চ্যাপলিন পাখির ডানা ঝাপটানোর গতি বোঝার জন্য সপ্তাহের পর সপ্তাহ পর্যবেক্ষণ করতেন, কিন্তু প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে তা সম্পন্ন করতে পারেননি।
‘দ্য ফ্রিক’-এর নথিগুলো চ্যাপলিনের যেকোনো চলচ্চিত্রের তুলনায় বেশি বিস্তারিত। এতে দৃশ্য বিভাজন, বিশেষ দৃশ্যের পরিকল্পনা, সারাফার ডানার বিবরণ, সম্ভাব্য বাজেট ও প্রযোজনা সূচি পর্যন্ত সবকিছু রয়েছে।
এর আগে ২০২০ সালে ইতালীয় ভাষায় সীমিত পরিসরে চিত্রনাট্যটি প্রকাশ করেছিল ‘সিনেটিকা ডি বলোংনা’। তবে এবারই প্রথম চিত্রনাট্যটি ইংরেজিতে প্রকাশিত হচ্ছে, চ্যাপলিন পরিবারের সহযোগিতায়। সম্পাদক সেসিলিয়া সেনসিয়ারেলা জানান, “এই প্রকল্পটি চ্যাপলিন গবেষকদের কাছেও ছিল প্রায় অজানা।”
পাণ্ডুলিপিতে পাওয়া গেছে ‘গোপনীয়’ কাস্টিং নোটও, যাতে রবার্ট ভন, জেমস ফক্স ও রিচার্ড চেম্বারলেইনের নাম রয়েছে। গল্পে দেখা যায়, এক ইংরেজ অধ্যাপক তার ছাদে আহত অবস্থায় সারাফাকে খুঁজে পান এবং তাদের মধ্যে এক মানবিক সম্পর্ক গড়ে ওঠে।
রিপোর্টার্স২৪/আরকে