| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাশিয়ার হামলায় ইউক্রেনে তিন শিশুসহ নিহত ২৬, আহত প্রায় শতজন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৫ ইং | ০৪:০৫:১৫:পূর্বাহ্ন  |  ১২৪৭৮৬৩ বার পঠিত
রাশিয়ার হামলায় ইউক্রেনে তিন শিশুসহ নিহত ২৬, আহত প্রায় শতজন

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ভয়াবহ সমন্বিত হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার (১৯ নভেম্বর) ভোরে পরিচালিত এ হামলায় তিন শিশুসহ অন্তত ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৯৩ জন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর পর পশ্চিমাঞ্চলে এটাই রাশিয়ার অন্যতম প্রাণঘাতী হামলা বলে মনে করা হচ্ছে।

বিবিসির খবরে জানা যায়, ভোররাতে রুশ বাহিনী টার্পোনিল শহরে ব্যাপক ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একই সঙ্গে লভিভ ও ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলেও একাধিক লক্ষ্যবস্তুতে হামলা হয়। উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরের তিনটি জেলায় ড্রোন হামলায় ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাশিয়ার নিক্ষেপ করা এক্স-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র টার্পোনিলে একটি আবাসিক ভবনে আঘাত হানে, যেখানে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, টার্পোনিল ‘মাটির সঙ্গে মিশে গেছে’- ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মানুষ আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তার দাবি, সর্বশেষ হামলায় রাশিয়া ৪৭০টির বেশি ড্রোন এবং ৪৭টির বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

হামলার পর ইউক্রেনের বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এর আগে একই দিনের আরেক হামলায় ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর খারকিভে অন্তত ৩০ জন আহত হন। রাশিয়ার এই ব্যাপক হামলায় ইউক্রেনে যুদ্ধের উত্তেজনা আরও বাড়বে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪