| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে PGCB-এর বিদ্যুৎ সঞ্চালন লাইনের রুট পরিবর্তনের দাবি জমির মালিকদের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৬ ইং | ১৩:২৭:০৩:অপরাহ্ন  |  ৩৪০ বার পঠিত
বাগেরহাটে PGCB-এর বিদ্যুৎ সঞ্চালন লাইনের রুট পরিবর্তনের দাবি জমির মালিকদের

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে পাওয়ার গ্রিড বাংলাদেশ (PGCB) কর্তৃক প্রস্তাবিত ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের রুট পরিবর্তনের দাবি জানিয়েছেন ১৬৪ নম্বর চিতলী মৌজার ক্ষতিগ্রস্ত জমির মালিকরা। বসতভিটা, পৈতৃক সম্পত্তি, ব্যবসাপ্রতিষ্ঠান, পারিবারিক কবরস্থান, নির্মাণাধীন মসজিদ ও মাদ্রাসার জন্য নির্ধারিত জমির নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শরিফুল ইসলাম বাবু বলেন, বাগেরহাট জেলার ১৬৪ নম্বর চিতলী মৌজায় PGCB-এর প্রস্তাবিত ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ প্রকল্পের সঞ্চালন লাইন তাদের বসতবাড়ি ও পৈতৃক সম্পত্তির মধ্যভাগ দিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব জমিতে বসতবাড়ি, ভাড়ায় পরিচালিত দোকানঘর এবং ভবিষ্যতে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, একই জমিতে পারিবারিক কবরস্থান, নির্মাণাধীন তিনতলা মসজিদ এবং মাদ্রাসার জন্য নির্ধারিত জমিও রয়েছে। প্রস্তাবিত উচ্চ ভোল্টেজের সঞ্চালন লাইন স্থাপন করা হলে নিরাপত্তা দূরত্ব ও নির্মাণসংক্রান্ত বিধিনিষেধের কারণে জমির স্বাভাবিক ব্যবহার, ভবিষ্যৎ আবাসন, ব্যবসা সম্প্রসারণ এবং সম্পত্তির বাজারমূল্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

শরিফুল ইসলাম বাবু বলেন, “আমরা দেশের উন্নয়ন কিংবা বিদ্যুৎ প্রকল্পের বিরোধী নই। তবে বিকল্প রুটের সম্ভাবনা যাচাই না করে কেন মানুষের বসতভিটা ও ভবিষ্যতে নির্মাণযোগ্য জমির মধ্যভাগ দিয়ে সঞ্চালন লাইন নেওয়া হবে, সেটিই আমাদের প্রশ্ন।”

তিনি আরও জানান, গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে বাগেরহাটের জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করা হয়েছে। পাশাপাশি আইনজীবীর মাধ্যমে PGCB-এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। তবে সংবাদ সম্মেলনের সময় পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় কিংবা PGCB কর্তৃপক্ষের কাছ থেকে আবেদনের বিষয়ে কোনো লিখিত সিদ্ধান্ত পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—বসতভিটা ও পৈতৃক সম্পত্তির মধ্য দিয়ে প্রস্তাবিত সঞ্চালন লাইনের রুট পুনর্বিবেচনা, জমির মালিকদের উপস্থিতিতে সরেজমিন তদন্ত এবং বিকল্প রুটের কারিগরি সম্ভাব্যতা যাচাই, মসজিদ, কবরস্থান, মাদ্রাসার জন্য নির্ধারিত জমি ও আশপাশের বসতবাড়ির নিরাপত্তা নিশ্চিত করা, প্রযোজ্য আইন অনুযায়ী নোটিশ প্রদান ও ক্ষতির যথাযথ মূল্যায়নের মাধ্যমে ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং আবেদন নিষ্পত্তি ও বিকল্প রুট যাচাই না হওয়া পর্যন্ত বিতর্কিত অংশে নির্মাণকাজ সাময়িকভাবে স্থগিত রাখা।

সংবাদ সম্মেলন থেকে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, PGCB-এর ব্যবস্থাপনা পরিচালক এবং বাগেরহাটের জেলা প্রশাসকের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়।

শরিফুল ইসলাম বাবু বলেন, তারা কোনো সংঘাত চান না; বরং আলোচনার মাধ্যমে ন্যায়সংগত ও গ্রহণযোগ্য সমাধান চান। বিদ্যুৎ প্রকল্প বন্ধ করা তাদের দাবি নয়, বরং বিকল্প রুটের মাধ্যমে সাধারণ মানুষের বসতভিটা, পৈতৃক সম্পত্তি, ধর্মীয় প্রতিষ্ঠান ও ভবিষ্যৎ জীবিকার সম্ভাবনাকে অপ্রয়োজনীয় ক্ষতির হাত থেকে রক্ষা করাই তাদের মূল উদ্দেশ্য।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করে প্রকৃত চিত্র তুলে ধরার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানানো হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪