রিপোর্টার্স২৪ ডেস্ক: ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দশমবারের মতো শপথ নিয়েছেন নীতিশ কুমার। নীতিশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল ইউনাইটেড (জেডিইউ) আঞ্চলিক দল হলেও বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) সঙ্গে হাত মিলিয়ে রেকর্ড সংখ্যক আসনে বিজয় লাভ করে পুনরায় ক্ষমতায় আসে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) পাটনার গান্ধী ময়দানে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান।
একই অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপির সম্রাট চৌধুরী ও বিজয় কুমার সিনহা। এ ছাড়া মোট ২৬ জন মন্ত্রী শপথ নেন; যাদের মধ্যে বিজেপির ১৪ জন, জেডিইউয়ের ৮ জন, লোক জনশক্তি পার্টির ২ জন এবং হিন্দুস্তান আওয়ামী মোর্চা (হ্যাম) ও রাষ্ট্রীয় লোক মোর্চার (আরএলএম) একজন করে বিধায়ক রয়েছেন।
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং এনডিএ-শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
সদ্য অনুষ্ঠিত রাজ্য বিধানসভা নির্বাচনে এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ২৪৩ আসনের মধ্যে এনডিএ পায় ২০২ আসন। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন মহাগঠবন্ধন জয় পায় ৩৫ আসনে; কংগ্রেস এককভাবে মাত্র ৬টি আসন লাভ করে।
রিপোর্টার্স২৪/এসসি