| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভিয়েতনামে টানা বর্ষণে মহাবন্যা, মৃতের সংখ্যা ৪১

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৫ ইং | ০৩:৩০:৩২:পূর্বাহ্ন  |  ১২৪৯২৮৮ বার পঠিত
ভিয়েতনামে টানা বর্ষণে মহাবন্যা, মৃতের সংখ্যা ৪১
ছবির ক্যাপশন: ভিয়েতনামে টানা বর্ষণে মহাবন্যা, মৃতের সংখ্যা ৪১

রিপোর্টার্স২৪ ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে গত কয়েকদিনের লাগাতার বর্ষণ ভয়াবহ বন্যার সৃষ্টি করেছে। এতে এখন পর্যন্ত কমপক্ষে ৪১ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, আর নিখোঁজ রয়েছে আরও কয়েকজন। অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশটির মধ্যাঞ্চল কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। শুক্রবার (২১ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, গত সপ্তাহান্ত থেকে শুরু হওয়া এই প্রবল বর্ষণে ৫২ হাজারের বেশি বাড়ি পানির নিচে ডুবে গেছে। পাশাপাশি প্রায় পাঁচ লাখ ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। কিছু অঞ্চলে গত তিন দিনে বৃষ্টিপাতের পরিমাণ দেড় মিটারেরও বেশি, যা ১৯৯৩ সালের ঐতিহাসিক বন্যার রেকর্ড ৫.২ মিটারের কাছাকাছি পৌঁছেছে।

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে উঠে এসেছে হোই আন ও না চাংসহ উপকূলীয় বিভিন্ন শহর। সাম্প্রতিক মাসগুলোতে একাধিক টাইফুন কালমেগি ও বুয়ালয় আঘাত হানার পর নতুন করে এ দুর্যোগ দেশটিকে আরও বিপর্যস্ত করেছে। সরকার জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ঘূর্ণিঝড়, বন্যা ও ভূমিধসে ভিয়েতনামের ক্ষতি দাঁড়িয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, উঁচু স্থানে থাকা ঘরবাড়ির ছাদে আশ্রয় নেওয়া মানুষরা উদ্ধারের অপেক্ষায় দিন কাটাচ্ছেন। বহু এলাকায় বাড়ির ভেতরে দ্রুত পানি ঢুকে পড়ছে। অনলাইনে ভাইরাল হওয়া একটি ভিডিওতে লাম ডং প্রদেশের একটি ঝুলন্ত সেতু বন্যার তোড়ে ভেসে যেতে দেখা গেছে। প্রদেশটির বিভিন্ন সড়ক ও মহাসড়ক ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ইতোমধ্যে বন্যাকবলিত এলাকা থেকে কয়েক লাখ মানুষকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। উদ্ধারকাজে সেনা ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। না চাংয়ের এক রেস্তোরাঁ মালিক এএফপিকে জানিয়েছেন, তার রেস্তোরাঁ প্রায় এক মিটার পানির নিচে তলিয়ে আছে। তিনি বলেন, আমার দোকানের জিনিসপত্র সব নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কিছুই করার নেই। বৃষ্টি থামছে না, পানি নামার কোনো লক্ষণও দেখছি না।

কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, অন্তত রোববার পর্যন্ত ভিয়েতনামের মধ্যাঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে, ফলে বন্যার পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪