আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমার উপকূলে রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির প্রভাব মিয়ানমারের পাশাপাশি প্রতিবেশী থাইল্যান্ডেও দেখা গেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, আন্দামান সাগরে। এর কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে অবস্থান করছিল।
তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত শুক্রবার বাংলাদেশে ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, এতে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছিল। সেই ভূমিকম্পের পরপরই শনিবার আরও তিনবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়। বিশেষজ্ঞরা এগুলোকে আফটারশক হিসেবে উল্লেখ করছেন।
ভারতের ভূকম্পনবিদ্যা সংস্থা (এনসিএস) জানিয়েছে, বাংলাদেশ সময় শনিবার মিয়ানমারেও তিনটি ভূমিকম্প অনুভূত হয়। সকাল ৬টা ৪১ মিনিট ও ৭টা ১৯ মিনিটে যথাক্রমে ৩.৫ এবং ৩.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর রাত ১১টা ১ মিনিটে আরও একটি ৩.৪ মাত্রার কম্পন অনুভূত হয়। তবে এই কম্পনগুলোর ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/এসসি