| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রাজিলে অভ্যুত্থান মামলা:

বলসোনারোর ২৭ বছরের জেল কার্যকরের নির্দেশ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৫ ইং | ০৫:২৫:৩১:পূর্বাহ্ন  |  ১২১৬৫৫২ বার পঠিত
বলসোনারোর ২৭ বছরের জেল কার্যকরের নির্দেশ

রিপোর্টার্স২৪ ডেস্ক: ব্রাজিলে অভ্যুত্থানচেষ্টার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (২৫ নভেম্বর) আদালত বলসোনারোর বিরুদ্ধে মামলার সব কার্যক্রম শেষ করে তার দণ্ডকে চূড়ান্ত ঘোষণা করে। খবর রয়টার্স।

রায়ের অংশ হিসেবে বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরায়েস নির্দেশ দিয়েছেন, বলসোনারোকে রাজধানী ব্রাসিলিয়ার ফেডারেল পুলিশ সদর দপ্তরে তার সাজা ভোগ শুরু করতে হবে। গত শনিবার থেকে পৃথক একটি মামলায় তিনি সেখানে আটক রয়েছেন। অভিযোগ রয়েছে- গৃহবন্দি পরিস্থিতিতে নিজের ওপর নজরদারি যন্ত্র বা ‘অ্যাংকল মনিটর’ নষ্ট করেছিলেন তিনি। এ কারণেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

২০১৯ সালে ক্ষমতায় আসা বলসোনারোর রাজনৈতিক ক্যারিয়ারের জন্য এটি আরেকটি বড় ধাক্কা। সামরিক শাসনের প্রতি নস্টালজিয়া, জনতুষ্টিবাদী বক্তব্য এবং বিভাজনমূলক রাজনীতির কারণে তিনি ক্ষমতায় থাকা অবস্থায় দেশকে ব্যাপকভাবে দুই ভাগে বিভক্ত করেছিলেন।

২০২২ সালের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হওয়ার পর থেকেই অভ্যুত্থান ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ ঘিরে বলসোনারোর বিরুদ্ধে তদন্ত ও বিচার শুরু হয়। গত সেপ্টেম্বর তার বিরুদ্ধে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড ঘোষণা করা হয়েছিল। এর আগে তিনি সরকারি পদে নিষিদ্ধ হন এবং আন্তর্জাতিক পর্যায়েও সমালোচনার মুখে পড়েন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি একসময় বলসোনারোর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন, এখন তার থেকে দূরত্ব বজায় রেখেছেন। ব্রাজিলের ওপর আরোপিত উচ্চ শুল্ক প্রত্যাহারের প্রক্রিয়াও শুরু করেছেন ট্রাম্প, যা বলসোনারোর বিচারপ্রক্রিয়ার অংশ হিসেবে আরোপ করা হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কংগ্রেসম্যান লিন্ডবার্গ ফারিয়াস লিখেছেন, আজ ব্রাজিলের গণতন্ত্রের জন্য স্মরণীয় দিন। আমাদের ইতিহাসে প্রথমবার একজন সাবেক প্রেসিডেন্টকে অভ্যুত্থানচেষ্টার দায়ে গ্রেপ্তার হতে দেখছি।

অন্যদিকে, বলসোনারোর আইনজীবী সেলসো ভিলার্দি অভিযোগ করেন, মামলাটি দ্রুত শেষ করা হয়েছে এবং আপিলের জন্য আরও সময় পাওয়া উচিত ছিল। তিনি বলেন, তাদের প্রতিরক্ষা দল রায়ের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪