রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির কাউখালি উপজেলায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হাসান মিয়া (২২) নামে একজন নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার বেতবুনিয়া চেয়ারম্যান ঘাটা এলাকায় চট্টগ্রাম–রাঙামাটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত আরেকজন চিকিৎসাধীন রয়েছেন।
নিহত অটোরিকশাচালক হাসান মিয়ার বাড়ি বরিশালের লালমোহন উপজেলায়। তাঁর বাবার নাম মো. জাহাঙ্গীর হোসেন। আহত যাত্রীর নাম গিয়াস উদ্দিন; তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, এসিআই গ্রুপের মালিকানাধীন ওষুধবাহী কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো–ম ১৪-১৩৭০) চট্টগ্রাম দিক থেকে দ্রুতগতিতে বেতবুনিয়া অংশ অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশা (চট্টগ্রাম–থ ১২-৮৩৬৭)-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চালক হাসান ও যাত্রী গিয়াস উদ্দিনকে উদ্ধার করে রাউজান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। আহত গিয়াস উদ্দিনকে পরে রাউজান জে.কে. মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।
কাভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে নিয়েছে। তবে ভ্যানচালক চট্টগ্রামের বোয়ালখালীর বাসিন্দা শিব বড়ুয়া ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির এসআই মো. ইসহাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।
রিপোর্টার্স২৪/এসএন