ময়মনসিংহ প্রতিনিধি : নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার চেষ্টা এবং ৮ দফা দাবী আদায়ের লক্ষ্যে বুধবার (২৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের অফিস কক্ষের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ময়মনসিংহ জেলা শাখা।
অবস্থান ধর্মঘটকালে বক্তব্য রাখেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল হক, সহ-সভাপতি আজহারুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তব্যে তারা বলেন, “একটি কুচক্রী মহল নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার চেষ্টা করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা সবসময় রোগীর সেবায় নিয়োজিত থাকি, মানবসেবায় নিয়োজিত থাকি। তাই সরকারের প্রতি আমাদের দাবি, এই ৮ দফা দাবী মেনে নিয়ে আমাদেরকে রোগীদের সেবায় অব্যাহত রাখুন।”
রিপোর্টার্স২৪/এসএন