| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হংকংয়ে ভয়াবহ আগুন: নিহত ৩৬, নিখোঁজ ২৭৯

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৫ ইং | ২২:৪৬:৩০:অপরাহ্ন  |  ১২১৮৪৪৯ বার পঠিত
হংকংয়ে ভয়াবহ আগুন: নিহত ৩৬, নিখোঁজ ২৭৯

রিপোর্টার্স২৪ডেস্ক: হংকংয়ের তাই পো এলাকার একটি বহুতল আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২৭৯ জন। আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন অনেকে। বুধবার স্থানীয় সময় দুপুরে ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে এ দুর্ঘটনা ঘটে। রাতে হতাহতের হালনাগাদ তথ্য জানান হংকংয়ের প্রধান নির্বাহী জন লি।

বুধবার রাতেও কমপ্লেক্সের ৩২ তলা ভবনগুলোতে আগুন জ্বলতে দেখা যায়। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের তীব্র উত্তাপের কারণে ভবনের ওপরের দিকে যাওয়া সম্ভব হচ্ছে না। রাতের অন্ধকারও আগুন নিয়ন্ত্রণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি।

ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে মোট আটটি ভবনে দুই হাজার অ্যাপার্টমেন্ট রয়েছে, যেখানে ৪ হাজার ৬০০ এর বেশি বাসিন্দা থাকেন। ঠিক কতজন ভবনের ভেতরে আটকা আছেন, সে বিষয়ে স্পষ্ট তথ্য দেয়নি ফায়ার সার্ভিস। তবে নিহতদের মধ্যে বেশ কয়েকজন অগ্নিনির্বাপক কর্মীও রয়েছেন।

আগুন লাগার সময় কমপ্লেক্সের বাইরে দাঁড়িয়ে অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। ৭১ বছর বয়সী ওং জানান, তাঁর স্ত্রী আগুন লাগা ভবনের ভেতরে আটকা পড়েছেন। হ্যারি চেউং নামে আরেক বাসিন্দা বলেন, আজ রাতে হয়তো আর বাসায় ফিরতে পারব না। কোথায় থাকব বুঝতে পারছি না।

অগ্নিকাণ্ডে শহরের পরিবহন ব্যবস্থায়ও ব্যাঘাত ঘটে। দুটি প্রধান মহাসড়কের একটি বন্ধ করে দেওয়ায় যানবাহনগুলো ঘুরিয়ে দেওয়া হয়। এ ছাড়া বৃহস্পতিবার অন্তত ছয়টি স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শহরের শিক্ষা ব্যুরো।

বুধবার রাতেই চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত আগুন নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতি কমানোর নির্দেশ দেন।

১৯৯৬ সালে হংকংয়ের কোউলুনের একটি বাণিজ্যিক ভবনে আগুনে ৪১ জন নিহতের ঘটনা ঘটেছিল। বুধবারের অগ্নিকাণ্ডটি এরপরই শহরের সবচেয়ে ভয়াবহ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

সুত্র: রয়টার্স

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪