| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোপালগঞ্জ-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বঞ্চিত প্রার্থীদের শোডাউন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৫ ইং | ১০:৫০:১৫:পূর্বাহ্ন  |  ১২২৬৬৮৪ বার পঠিত
গোপালগঞ্জ-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বঞ্চিত প্রার্থীদের শোডাউন

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ-২ আসনে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে শোডাউন করেছেন বিএনপি থেকে মনোনয়নবঞ্চিত তিন প্রার্থী। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের গেটপাড়া সড়ক ভবনের সামন থেকে মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের দীর্ঘ মিছিল নিয়ে এই শোডাউন অনুষ্ঠিত হয়।

মনোনয়নবঞ্চিত পাঁচ প্রার্থীর ব্যানারে শোডাউনের আয়োজন করা হলেও এতে অংশ নেন তিনজন। জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জু, সাবেক সভাপতি এম সিরাজুল ইসলাম সিরাজ এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তাজ। প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল, ২৫–৩০টি মাইক্রোবাস এবং কয়েকটি ট্রাক অংশ নেয় এই শোডাউনে।

এর আগে ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের তালিকা ঘোষণা করেন। গোপালগঞ্জ-২ আসনে প্রাথমিক মনোনয়ন পান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. কে এম বাবর আলী। ঘোষণার ২৪ দিন পর এসে মনোনয়নবঞ্চিত পাঁচজনের ব্যানারে তিন প্রার্থী শোডাউন করে পুনর্বিবেচনার দাবি জানান।

শোডাউনে অংশ নিয়ে এম এইচ খান মঞ্জু বলেন,আমরা পাঁচজন প্রার্থী একত্র হয়ে তারেক রহমানের কাছে আবেদন করছি—গোপালগঞ্জ-২ আসনের মনোনয়ন পুনর্বিবেচনা করতে হবে। প্রাথমিক মনোনয়ন পাওয়া ডা. বাবর জনবিচ্ছিন্ন ও অজনপ্রিয়। তার পক্ষে ধানের শীষের বিজয় আনা সম্ভব নয়। আমাদের পাঁচজনের যে কাউকে মনোনয়ন দেওয়া হলে তার পক্ষেই আমরা কাজ করবো।

এম সিরাজুল ইসলাম সিরাজ বলেন,আমাদের রক্ত ও ত্যাগের ওপর দাঁড়িয়েই গোপালগঞ্জে বিএনপি টিকে আছে। আমরা বছরের পর বছর ঘরছাড়া হয়ে রাজপথে থেকেছি। মনোনয়ন পুনর্বিবেচনা করে পাঁচজনের মধ্য থেকে যোগ্য কাউকে দিলে আমরা তার পক্ষেই কাজ করবো।

তৌহিদুর রহমান তাজ বলেন,আমরা ছয়জন মনোনয়নপ্রত্যাশী ছিলাম। ঘোষিত তালিকা এখনো চূড়ান্ত নয়; বিভিন্ন জেলায় পরিবর্তন ও সংশোধনের সুযোগ আছে। ঘোষিত প্রার্থীকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তাকে বাদে অন্য যেকোনো যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিলে গোপালগঞ্জে জাতীয়তাবাদী ভিত্তি আরও শক্তিশালী হবে।

শোডাউন শেষে তিন প্রার্থী জানান,দলের প্রতি আস্থা রেখেই তারা পুনর্বিবেচনার দাবি জানাচ্ছেন এবং দলের চূড়ান্ত সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন করবেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪