ইন্টারন্যাশনাল ডেস্ক : যুক্তরাষ্ট্রে ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলির ঘটনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে বড় ধরনের অভিবাসন নীতির পরিবর্তন ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, তৃতীয় বিশ্বের যেকোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী গ্রহণ স্থায়ীভাবে বন্ধ করা হবে। শুক্রবার (২৮ নভেম্বর) সামাজিকমাধ্যম ট্রুথ সোশালে পোস্ট করা এক বার্তায় তিনি এই কঠোর সিদ্ধান্তের কথা প্রকাশ করেন।
এ সিদ্ধান্তকে বৈশ্বিক অভিবাসন ব্যবস্থায় এক বড় ভূমিকম্প হিসেবে দেখা হচ্ছে, কারণ প্রতিবছর লাখো মানুষ শিক্ষা, চাকরি ও উন্নত জীবনের স্বপ্নে তৃতীয় বিশ্ব থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
গুলির ঘটনার পর সরাসরি ঘোষণা ট্রাম্পের এই সিদ্ধান্তের পেছনে প্রেক্ষাপট, বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি করে আহত করেন এক আফগান নাগরিক, যিনি পরে একজনের মৃত্যুর কারণ হন। হামলাকারী রহমানুল্লাহ লাখানওয়াল ২০২১ সালে আফগানিস্তান থেকে বিশেষ অভিবাসন সুবিধায় যুক্তরাষ্ট্রে আসেন। তিনি পূর্বে মার্কিন সেনাবাহিনী ও সিআইএর সঙ্গে কাজ করেছিলেন। এই ঘটনার পর ট্রাম্প বলেন, ভুল অভিবাসন নীতি যুক্তরাষ্ট্রকে বিপদের মুখে ফেলছে।
ট্রুথ সোশালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেন, প্রযুক্তিগত অগ্রগতি আমাদের অনেক এগিয়ে নিয়েছে, কিন্তু ভুল অভিবাসন নীতি সব অর্জন নষ্ট করছে। তাই যুক্তরাষ্ট্রের সিস্টেমকে পুনরুদ্ধারের সুযোগ দিতে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসী আসা সম্পূর্ণ বন্ধ করা হবে।
তিনি আরও বলেন, বাইডেনের সময় অবৈধভাবে ঢুকে পড়া লক্ষ লক্ষ মানুষের থাকার অনুমতি বাতিল করে দেওয়া হবে। যারা যুক্তরাষ্ট্রকে ভালোবাসে না, যারা দেশের কোনো উপকারে আসে না তাদের সবাইকে ফিরিয়ে দেওয়া হবে।
ট্রাম্প সতর্ক করে বলেন, যে বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য বিপজ্জনক, সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে পারে না, বা বিশৃঙ্খলা সৃষ্টি করে তার নাগরিকত্বও বাতিল করা হবে।
সরকারি সুবিধা থেকেও বঞ্চিত হবেন বিদেশিরা ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বিদেশিদের জন্য থাকা সব সরকারি সুবিধা, আর্থিক সাহায্য ও বিশেষ সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হবে। তিনি বলেন,
অবৈধভাবে আসা কিংবা সমস্যাসৃষ্টিকারী মানুষদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানোর লক্ষ্যেই এই ব্যবস্থা। অভিবাসীরা নিজ দেশে ফিরে যাক ট্রাম্প
পোস্টের শেষে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্রের অবস্থার উন্নতি করতে হলে অনেক অভিবাসীকেই নিজ দেশে ফিরে যেতে হবে। এটাই বর্তমানে সমস্যার একমাত্র সমাধান। ট্রাম্পের নতুন ঘোষণা যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যা বিশ্বব্যাপী লাখো মানুষের ওপর প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের মত।
রিপোর্টার্স২৪/ঝুম