| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জেলেনস্কির শীর্ষ উপদেষ্টার বাসায় দুর্নীতি দমন সংস্থার অভিযান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৫ ইং | ১০:৩৪:৩৭:পূর্বাহ্ন  |  ১১৮৬৯৮২ বার পঠিত
জেলেনস্কির শীর্ষ উপদেষ্টার বাসায় দুর্নীতি দমন সংস্থার অভিযান
ছবির ক্যাপশন: ছবি : রয়টার্স

রিপোর্টার্স২৪ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শীর্ষ উপদেষ্টা ও প্রেসিডেন্ট দপ্তরের প্রধান আন্দ্রি ইয়র্মাকের অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়েছে দেশটির দুটি দুর্নীতিবিরোধী সংস্থা। ন্যাশনাল অ্যান্টি করাপশন ব্যুরো (নাবু) বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জানায়, আদালতের অনুমোদনের ভিত্তিতে এই তল্লাশি চালানো হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে সংস্থাটি জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে জেলেনস্কির ঘনিষ্ঠ মহলে জড়িয়ে পড়া একটি বড় দুর্নীতিকাণ্ড দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে।

তবে প্রেসিডেন্ট বা ইয়র্মাকের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ ওঠেনি। তবু সমালোচকদের চাপ বেড়েছে, বিশেষ করে ইয়র্মাকের পদত্যাগের দাবি জোরালো হয়েছে।

৫৪ বছর বয়সী ইয়র্মাক সামাজিক মাধ্যমে জানান, নাবু ও বিশেষ দুর্নীতি দমন প্রসিকিউটরস অফিস (সাপো) তার অ্যাপার্টমেন্টে ‘প্রক্রিয়াগত তৎপরতা’ চালাচ্ছে। তিনি বলেন, “তদন্তকারীরা অ্যাপার্টমেন্টে প্রবেশাধিকার পেয়েছেন এবং আমার আইনজীবীরাও সেখানে উপস্থিত আছেন। আমার পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা দেওয়া হচ্ছে।”

এই অভিযান এমন সময় শুরু হয়েছে যখন সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকল কিয়েভে পৌঁছাবেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে একটি খসড়া শান্তি প্রস্তাব নিয়ে মস্কোতেও যাওয়ার পরিকল্পনা করছেন।

এ ঘটনার কয়েক ঘণ্টা আগে ইয়র্মাক মার্কিন সাময়িকী দ্য আটলান্টিককে বলেন, “জেলেনস্কি যতদিন প্রেসিডেন্ট থাকবেন, ততদিন আমরা কোনো ভূখণ্ড ছাড়ব না। কখনোই ভূখণ্ড সমঝোতায় সই করব না।”

ইউক্রেনে সাম্প্রতিক দুর্নীতিকাণ্ডে দেশটির জ্বালানি খাতকে কেন্দ্র করে প্রায় ১০০ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ উঠেছে। নাবু ও সাপো জানিয়েছেন, রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা এনর্হোআটমকে ঘিরে বিশাল কমিশন খাওয়া এবং প্রভাব খাটানোর চক্র উদঘাটন করা হয়েছে।

এ ঘটনায় ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ রয়েছে, গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প থেকে অর্থ অপসারণ করা হয়েছে, যা ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থাকে প্রভাবিত করেছে।

জেলেনস্কি ইতোমধ্যে দুই মন্ত্রীকে বরখাস্ত করেছেন এবং কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। সাবেক ব্যবসায়িক সহযোগী তিমুর মিনদিচ দেশ ছেড়ে পালিয়েছেন। মিনদিচ ছিলেন সেই টিভি স্টুডিওর সহ-মালিক, যেখানে জেলেনস্কির অভিনয় জীবন শুরু হয়েছিল।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪