রিপোর্টার্স২৪ ডেস্ক: ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে লক্ষ্য করে গুলির ঘটনার জেরে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে স্থগিত করেছে সব ধরনের আশ্রয় (অ্যাজাইলাম) আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া। দেশটির নাগরিকত্ব ও অভিবাসন বিভাগের (ইউএসসিআইএস) পরিচালক জোসেফ এডলো জানিয়েছেন—সুনির্দিষ্টভাবে প্রতিটি বিদেশিকে সর্বোচ্চ নিরাপত্তা যাচাইয়ের আওতায় না আনা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।
শুক্রবার এক্স-এ দেওয়া পোস্টে এডলো লিখেছেন, প্রতিটি বিদেশি নাগরিককে গভীরভাবে যাচাই-বাছাই নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো আশ্রয় আবেদন নিষ্পত্তি করা হবে না। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অভিবাসন নীতি আরও কঠোর করার ইঙ্গিত দেন। তিনি জানান, তৃতীয় বিশ্বের দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে নিষিদ্ধ করার পরিকল্পনা চলমান।
বুধবার ঘটে যাওয়া গুলির ঘটনায় আহত এক ন্যাশনাল গার্ড সদস্য বৃহস্পতিবার মারা যান। ওই হামলার জন্য একজন আফগান নাগরিককে দায়ী করা হয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প।
সিবিএস নিউজ জানায়, নতুন নির্দেশনায় কর্মকর্তাদের স্পষ্টভাবে বলা হয়েছে। কোনো জাতীয়তার আশ্রয় আবেদন এখনই অনুমোদন, বাতিল বা নিষ্পত্তি করা যাবে না। তারা আবেদন পর্যালোচনা করতে পারবেন, তবে সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে পৌঁছামাত্রই কাজ বন্ধ রাখতে হবে। নির্দেশনায় বলা হয়েছে, যেই মুহূর্তে সিদ্ধান্ত পর্যায়ে পৌঁছাবেন, সেখানেই থামুন এবং আবেদনটি ধরে রাখুন।
ন্যাশনাল গার্ডে গুলির ঘটনাকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসন আরও কঠোর অভিবাসন নীতি বাস্তবায়নের পথে এগোচ্ছে। দ্বিতীয় দফা প্রেসিডেন্সিতে ট্রাম্প অবৈধ অভিবাসীদের ব্যাপকভাবে বহিষ্কার, শরণার্থী গ্রহণ কমিয়ে আনা এবং জন্মসূত্রে নাগরিকত্বের বিধান বাতিলের উদ্যোগ জোরদার করছেন। সূত্র: বিবিসি
রিপোর্টার্স২৪/ঝুম