| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওয়াশিংটনে গুলি ছোড়ার পর আফগানদের ভিসা দেওয়া বন্ধ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ৩০, ২০২৫ ইং | ০৪:১৮:০২:পূর্বাহ্ন  |  ১১৭৮৩৮৮ বার পঠিত
ওয়াশিংটনে গুলি ছোড়ার পর আফগানদের ভিসা দেওয়া বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের নাগরিকদের ভিসা প্রদান বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনস্যুলার দপ্তরে এ বিষয়ে তারবার্তা পাঠিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। বার্তায় বলা হয়েছে, কোনো আফগান নাগরিককে যুক্তরাষ্ট্রের ভিসা প্রদান করা যাবে না এবং যাদের ভিসা প্রক্রিয়াধীন আছে—তা অবিলম্বে স্থগিত করতে হবে।

আরও জানানো হয়েছে, অভিবাসী ও অ-অভিবাসী ভিসার পাশাপাশি বিশেষ অভিবাসন ভিসাও (SIV) আর দেওয়া হবে না আফগান নাগরিকদের। এমনকি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আফগানদের ভিসাও বাতিল করা হয়েছে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে বলেন, “আফগান পাসপোর্টধারী সবার জন্যই ভিসা দেওয়া বন্ধ করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও মার্কিন জনগণের নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার; এর সঙ্গে কোনো আপস হবে না।”

গত বুধবার ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের সদস্যদের লক্ষ্য করে গুলি করেন আফগান নাগরিক রহমানউল্লাহ লাকনওয়াল। এতে গুরুতর আহত হন দুই সদস্য। তাদের একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তাৎক্ষণিক তদন্তে জানা যায়, লাকনওয়াল আফগানিস্তানে মার্কিন-ন্যাটো বাহিনীর অভিযানের সময় সিআইএ-এর জন্য কাজ করতেন। ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অনুমতিতে তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।

হামলার কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা দপ্তর জানায়, নাগরিকত্ব ও স্থায়ী আবাসনের জন্য আবেদনকারী সব আফগানের আবেদন বাতিল করা হয়েছে। শনিবার বিশ্বজুড়ে দূতাবাস ও কনস্যুলার দপ্তরে পাঠানো নির্দেশনা সেই সিদ্ধান্তকে আরও দৃঢ় করেছে।

২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর মার্কিন বাহিনীকে সহায়তাকারী আফগানরা তীব্র নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। বাইডেন প্রশাসন তাদের বিশেষ ভিসা ও শরণার্থী কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ দেয়। সেই সুযোগে প্রায় দুই লাখ আফগান যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।

ট্রাম্প প্রশাসনের নতুন ঘোষণায় তাদের সবার ভিসা বাতিল হলো। আফগানদের সহায়তা প্রদানকারী অলাভজনক সংস্থা ‘আফগান ইভ্যাক’-এর প্রেসিডেন্ট শন ভ্যানডিভার রয়টার্সকে পাঠানো এক ইমেইলে বলেন, “কোনো সন্দেহ নেই—ট্রাম্প প্রশাসন বহুদিন ধরেই এমন পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪