ইন্টারন্যাশনাল ডেস্ক: গাজা পুনর্গঠন এবং মানবিক সংকট লাঘবের জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ১০ কোটি ডলার সহায়তা দেবে চীন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ফিলিস্তিন অথরিটি (পিএ) এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছে। খবর রয়টার্সের।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-কে ধন্যবাদ জানিয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে ফিলিস্তিনের ন্যায্য অধিকার রক্ষা এবং পশ্চিম তীর ও গাজায় ইসরাইলি দখল কমানোর ক্ষেত্রে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেছেন তিনি।
বেইজিংয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ-র সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই অনুদানের ঘোষণা দেন শি জিনপিং। চীনা প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনি ইস্যুর একটি সর্বসম্মত, ন্যায়সংগত ও টেকসই সমাধান নিশ্চিত করতে ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হবে। তিনি বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তনের মধ্যেও দুই দেশের কৌশলগত সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্কের রাজনৈতিক ভিত্তি অটুট রাখার গুরুত্বের ওপর জোর দেন।
গত সেপ্টেম্বর নিউইয়র্কে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান-এর সঙ্গে এক উচ্চপর্যায়ের সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট সহ-সভাপতিত্ব করেন। এই সম্মেলনের লক্ষ্য ছিল দ্বি-রাষ্ট্র সমাধান এবং ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতির পক্ষে আন্তর্জাতিক সমর্থন জোরদার করা।
চীনের এই সহায়তা গাজার মানুষের জন্য নতুন আশা জাগাচ্ছে, মানবিক সহায়তার পাশাপাশি রাজনৈতিক সমাধানেও চীনের ইতিবাচক ভূমিকার প্রমাণ দিচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম