ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও রাশিয়ার বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ, যা দেশের জনগণের জন্য দীর্ঘমেয়াদে কল্যাণ বয়ে এনেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে দুই দিনের ভারত সফরে আসা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিমানবন্দরে স্বাগত জানানো পর মোদী এ মন্তব্য করেন।
মোদী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লেখেন, আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনকে ভারতে স্বাগত জানাতে পেরে আনন্দিত। আজ সন্ধ্যার ও আগামীকালের আলোচনার জন্য আগ্রহে অপেক্ষা করছি। স্বাগত হিসেবে তিনি পুতিনকে রুশ ভাষায় অনূদিত গীতার কপি উপহার দেন। মোদী উল্লেখ করেন, গীতার শিক্ষায় বিশ্বের কোটি মানুষ অনুপ্রেরণা খুঁজে পান।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৩৫ মিনিটে দিল্লিতে পৌঁছান। বিমানবন্দরে মোদী নিজেই তাকে অভ্যর্থনা জানান। শুক্রবার (৫ ডিসেম্বর) দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়, এরপর যৌথ প্রেস ব্রিফিংয়ে অংশ নেন মোদী ও পুতিন। সফরের আগে পুতিন ভারতের রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা পান এবং সকালবেলা রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
সরকারি সূত্র জানায়, পুতিনের সঙ্গে এসেছে একটি বড় ব্যবসায়ী প্রতিনিধি দল, যা ভারত ও রাশিয়ার দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারত্বের ভিত্তিতে বাণিজ্য ঘাটতি কমানোর সুযোগ তৈরি করবে। শীর্ষ বৈঠকের মূল আলোচনার বিষয় ছিল প্রতিরক্ষা, জ্বালানি ও বাণিজ্য, যেখানে পণ্য পরিবহণ, স্বাস্থ্যসেবা, সার ও যোগাযোগ খাতে একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।
উভয় দেশের প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়, ইউক্রেন যুদ্ধের কারণে সামরিক সরঞ্জামের বিলম্ব এবং অন্যান্য নিরাপত্তা বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। উল্লেখযোগ্য, ২০১৮ সালে ৫ বিলিয়ন ডলারের চুক্তিতে কেনা এস-৪০০ সিস্টেম ভারতের ‘অপারেশন সিঁদুর’ সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সূত্র: এএনআই ও নরেন্দ্র মোদীর এক্স অ্যাকাউন্ট
রিপোর্টার্স২৪/ঝুম