রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। কমিশনের ৮ খণ্ডের এই প্রতিবেদনে সুপারিশ, ‘জুলাই জাতীয় সনদ’, রাজনৈতিক দল ও জোটগুলোর মতামত, আলোচনার সারসংক্ষেপ, কমিশনের বিভিন্ন নথিপত্র এবং জনমত জরিপের ফলাফল অন্তর্ভুক্ত রয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। প্রতিবেদনের সব খণ্ড সরকারের সংস্কার বিষয়ক ওয়েবসাইটে দেওয়া হয়েছে। সাইটটিতে জাতীয় ঐকমত্য কমিশন ছাড়াও ১১টি সংস্কার কমিশনের সব প্রতিবেদনও উন্মুক্ত করা হয়েছে।
প্রেস উইং জানায়, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত বছরের অক্টোবরে এবং পরবর্তী সময়ে সর্বমোট ১১টি সংস্কার কমিশন গঠন করে। প্রথম ধাপে গঠিত ৬টি কমিশনের কার্যক্রম শেষের দিকে পৌঁছালে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে সভাপতি এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান প্রফেসর আলী রীয়াজকে সহ-সভাপতি করে গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন।
পরবর্তী সময়ে অপর ৫টি সংস্কার কমিশনের প্রধানদেরও এই কমিশনের সদস্য করা হয়। তবে বিচার বিভাগ সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানগণের অপারগতার কারণে ওই দুটি কমিশনের জ্যেষ্ঠ সদস্যদের জাতীয় ঐকমত্য কমিশনে অন্তর্ভুক্ত করা হয়।
এই বছরের ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশন আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। এরপর রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গে ধারাবাহিক আলোচনা শেষে ৩১ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত করা হয় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’। গত ১৭ অক্টোবর রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে এই সনদ স্বাক্ষরিত হয়।
ইতোমধ্যে কমিশনের সুপারিশ অনুযায়ী সরকার ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন (সংবিধান) আদেশ’ জারি করেছে।
রিপোর্টার্স২৪/এসসি