| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টঙ্গী ময়দানে সাদপন্থিদের ইজতেমা বন্ধের দাবি শীর্ষ আলেমদের

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৬ ইং | ২০:৩৯:১২:অপরাহ্ন  |  ৯০ বার পঠিত
টঙ্গী ময়দানে সাদপন্থিদের ইজতেমা বন্ধের দাবি শীর্ষ আলেমদের

গাজীপুর প্রতিনিধি: বিশ্ব ইজতেমা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে আয়োজনের স্বার্থে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান সাদপন্থিদের ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় আলেমরা। একই সঙ্গে ২০১৮ ও ২০২৪ সালের ঘটনায় দায়ের করা হত্যা মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে অভিযোগপত্র দাখিলের দাবি জানিয়েছেন তাঁরা।

শনিবার (২৪ অক্টোবর) হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর আহ্বানে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আয়োজিত এক পরামর্শ সভায় এসব দাবি জানানো হয়। এতে দেশের ৬৪ জেলার শীর্ষস্থানীয় আলেম, ওলামা ও ধর্মীয় মুরুব্বিরা অংশ নেন।

সভা-পরবর্তী সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের গুরুত্বপূর্ণ মহল থেকে হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে যোগাযোগ করে এবারের ইজতেমার জন্য সাদপন্থিদের তিন দিন টঙ্গী ময়দান ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়ে তাঁর মতামত জানতে চাওয়া হয়। এ বিষয়ে দেশের শীর্ষ আলেমদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত জানানোর কথা বলেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে এ পরামর্শ সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত আলেম-ওলামা ও মুরুব্বিদের মতামতের ভিত্তিতে দুটি দাবি উত্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। দাবিগুলো হলো ২০২৫ সালের পর সাদপন্থিদের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার পূর্ববর্তী সিদ্ধান্ত বহাল রাখা এবং ২০১৮ ও ২০২৪ সালের ঘটনায় দায়ের করা হত্যা মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে অভিযোগপত্র দাখিল করা। এসব মামলা বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মুফতি আরশাদ রহমানী, মুফতি দেলাওয়ার হোসাইন, মাওলানা রশিদুর রহমান ফারুক, মাওলানা আব্দুল আউয়ালসহ দেশের বিভিন্ন জেলার বিশিষ্ট আলেম ও ধর্মীয় মুরুব্বিরা।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪