রিপোর্টার্স২৪ ডেস্ক: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ভবনটির প্রথম তলায় আগুনের সূত্রপাত এবং মুহূর্তেই তা উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে।
সেন্ট্রাল জাকার্তা পুলিশের প্রধান সুস্যাতিও পুরনোমো কন্দ্রো জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ভেতরে আরও হতাহত আছে কি না, তা নিশ্চিত করতে উদ্ধারকাজ চলেছে। ঘটনার সময় ভবনে কিছু কর্মী দুপুরের খাবার খাচ্ছিলেন, আর কিছু কর্মী বাইরে ছিলেন।
ভবনটি টেরা ড্রোন ইন্দোনেশিয়ার কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। প্রতিষ্ঠানটি খনি থেকে কৃষি বিভিন্ন খাতে আকাশ জরিপের জন্য ড্রোন সেবা দিয়ে থাকে। এটি জাপানের টেরা ড্রোন করপোরেশনের ইন্দোনেশিয়ান ইউনিট।
স্থানীয় টেলিভিশন চ্যানেল কমপাস টিভির সম্প্রচারে দেখা যায়, দমকলকর্মীরা ভবনের ভেতর থেকে হতাহতদের উদ্ধার করছেন এবং কয়েকটি মোবাইল মই ব্যবহার করে উপরের তলা থেকে আটকা পড়া ব্যক্তিদের নামিয়ে আনছেন। ভবন মালিকপক্ষের কেউ এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হয়নি।
সুস্যাতিও কন্দ্রো জানান, আমরা এখনো উদ্ধারকাজ ও ভবন ঠাণ্ডা করার কাজকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।-এনডিটিভি
রিপোর্টার্স২৪/এসসি