আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ের শান্তৌ শহরের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে চারতলা ভবনটিতে আগুন লাগে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় রাত ১০টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে জানা গেছে, অগ্নিকাণ্ডে ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ১ হাজার ৬০০ বর্গফুট এলাকা আগুনে পুড়ে গেছে। কী কারণে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্তে কাজ শুরু করেছে স্থানীয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
চীনের সরকারি বার্তাসংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আটজনের মরদেহ উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় চারজনকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
গুয়াংডং প্রদেশের পাশেই অবস্থিত চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং। গত মাসে হংকংয়ের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬০ জনের মৃত্যু হয়েছিল।
সূত্র: সিনহুয়া
রিপোর্টার্স২৪/এসসি